সাধারণ জিজ্ঞাসা
রিভিউ লেখা বা পড়ার আগে শিক্ষার্থীরা যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি করেন, তার উত্তর।
সর্বশেষ আপডেট: জুলাই ২০২৬
পড়ায় কেমন কি সত্যিই বেনামী?
হ্যাঁ। যে টেবিলে রিভিউ রাখা হয় সেখানে ব্যবহারকারী চিহ্নিত করার কোনো কলাম নেই। কোন অ্যাকাউন্ট কোন কোর্সে রিভিউ দিয়েছে সেটি আলাদা একটি টেবিলে থাকে, যেখানে রিভিউয়ের কোনো লেখা বা রেফারেন্স নেই এবং দুই টেবিলের মধ্যে কোনো ফরেন কী যোগসূত্র নেই। দুই টেবিলের আইডিও ভিন্ন ধরনের এবং সাবমিশন টেবিলে কোনো টাইমস্ট্যাম্প রাখা হয় না, ফলে সময়, আইডি সাজিয়ে, বা যোগসূত্র ধরে মিলানোর কোনো উপায় নেই।
রিভিউ পড়তে কি অ্যাকাউন্ট লাগবে?
না। সব পাবলিক পেজ (প্রতিটি শিক্ষকের পেজ এবং প্রতিটি রিভিউ) লগইন ছাড়াই পড়া যায়। যারা শুধু পড়ছেন তাদের জন্য কোনো কুকিও সেট করা হয় না।
রিভিউ লিখতে Google দিয়ে সাইন ইন কেন লাগে?
সাইন ইন শুধু একটাই উদ্দেশ্যে: একজন যেন এক কোর্সে একবারই রিভিউ দিতে পারেন। আপনার লেখার সাথে এটি সংরক্ষিত হয় না। আপনার Google ইমেইল আমরা কখনো সংরক্ষণ করি না, শুধু একটি অভ্যন্তরীণ আইডেন্টিফায়ার।
কোন বিশ্ববিদ্যালয় নিয়ে রিভিউ দেওয়া যায়?
বাংলাদেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়। আপনার বিশ্ববিদ্যালয় তালিকায় না থাকলে রিভিউ ফর্ম থেকে অনুরোধ পাঠান, অ্যাডমিন যোগ করে দেবে। নতুন বিভাগও একইভাবে যোগ করা যায়।
আমি কি পরে আমার রিভিউ এডিট বা ডিলিট করতে পারবো?
না। যেহেতু রিভিউ কোনো ব্যবহারকারীর সাথে লিঙ্কড না, "আপনার" রিভিউ খুঁজে বের করার কোনো উপায় নেই। তাই ভেবেচিন্তে লিখুন। কোনো রিভিউ ভুল তথ্য বা গাইডলাইন লঙ্ঘন করলে রিপোর্ট করুন, মডারেটর দেখবে।
অপমানজনক বা মিথ্যা কিছু লিখলে কী হয়?
গালিগালাজ, বৈষম্যমূলক ভাষা বা ব্যক্তিগত অভিযোগ থাকলে সাবমিশনের সময়ই স্বয়ংক্রিয়ভাবে আটকে দেওয়া হয়। ৩ জন আলাদা ব্যবহারকারী একটি রিভিউ রিপোর্ট করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে লুকানো হয়, অ্যাডমিন পর্যালোচনার আগ পর্যন্ত। রিভিউ সরানো হলে সেখানে স্বচ্ছতার জন্য একটি বার্তা দেখানো হয়, চুপিচুপি মুছে ফেলা হয় না।
শিক্ষকের রেটিং কীভাবে হিসাব করা হয়?
প্রতিটি শিক্ষক-কোর্স জোড়ার জন্য শিক্ষার মান, গ্রেডিং ফেয়ারনেস, কোর্স ডিফিকাল্টি ও উপস্থিতি নেওয়ার কড়াকড়ির চলমান ওয়েটেড গড় রাখা হয়, সাথে "সুপারিশ করবো" শতাংশ। শিক্ষকের কার্ডে যে ওভারঅল স্কোর দেখেন সেটি তাঁর সব কোর্সের গড়, রিভিউ সংখ্যার ভিত্তিতে ওজন করে।
শিক্ষকের ইংরেজি নাম মাঝে মাঝে সংশোধিত ভাবে দেখানো হয় কেন?
পাবলিক পেজে ইংরেজি নামটি হালকা ছদ্মবেশে দেখানো হয় (যেমন "F@h!m Ar3f!n"), মানহানির আশঙ্কা কমানোর জন্য। বাংলা নাম থাকলে সেটি সরাসরি দেখানো হয়। সার্চ কিন্তু আসল নামেই কাজ করে।
তথ্য কি বিশ্ববিদ্যালয় বা অন্য কারো সাথে শেয়ার করা হয়?
না। কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে পড়ায় কেমন-এর কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই, এবং কারো সাথে কোনো তথ্য শেয়ার করা হয় না। রিভিউ পাবলিক কারণ সেটাই অন্য শিক্ষার্থীদের সাহায্য করার উদ্দেশ্য, কিন্তু লেখকের পরিচয় কারো কাছে (আমাদের কাছেও) প্রকাশ হয় না।
পড়ায় কেমন কি কোনো কোম্পানি?
না। এটি শিক্ষার্থীদের তৈরি একটি প্রজেক্ট। কোনো বিজ্ঞাপন নেই, পেইড টিয়ার নেই, মনিটাইজেশন নেই। নামটি ("পড়ায় কেমন") শিক্ষার্থীরা একে অপরকে যে প্রশ্নটি সবসময় করে, ঠিক সেটাই।